
বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ ও মতবিনিময় করেছেন পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। রাজনীতির মাধ্যমেই মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমানের উন্নয়নে কাজ করা সম্ভব। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে মানুষের ভাগ্যের পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় নাগরিকদের নিত্যদিনের নানা সমস্যা রয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং চলাচলের উপযোগী সড়ক নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। ভবিষ্যতে সুযোগ পেলে নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পঞ্চম দিনের এই গণসংযোগে বড় আঁচড়া এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের প্রত্যাশার কথা শোনেন এই জনসেবক। তিনি জানান, এলাকার উন্নয়নে সর্বস্তরের জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি কাজ করতে চান।